শ্রীমঙ্গলে খান খনন কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে খান খনন কাজের উদ্বোধন

তিমির বণিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর ও বালুচর সংলগ্ন ভুরভুরিয়া খালের জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী খালের পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ভুরভুরিয়া খাল কেবল একটি জলাধার নয়, এটি অত্র এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ ঘটাচ্ছে। তাই এই খালকে সচল রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী আশা প্রকাশ করছেন, উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগের ফলে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার কষ্ট লাঘব হবে। পাশাপাশি এই পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন