সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার সংসদ সদস্য আবুল কালাম আজাদের

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার সংসদ সদস্য আবুল কালাম আজাদের

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কয়রা প্রেসক্লাব’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক দেশের কণ্ঠের কয়রা প্রতিনিধি ও কয়রা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাস্টার সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ

সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বারোপ করার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে একটি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অলিউল্লাহ।

এছাড়াও কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নির্বাহী সদস্য শেখ হারুন অর রশিদ এবং উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন