ফোন চুরির অভিযোগে আজমিরীগঞ্জের এসআই ক্লোজড
মো. ইউসুফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক ফল বিক্রেতার স্মার্টফোন কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগে এসআই রাসেল মিয়াকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) তাঁকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ঘটনাটি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার এসআই রাসেল মিয়াকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
ঘটনাটি ঘটে গত শনিবার (৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আজমিরীগঞ্জ বাজারের রাজিব আহমেদের ফলের দোকানে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এসআই রাসেল মিয়া দোকানে ঢুকে পেয়ারা ও লটকন কেনেন এবং কেনাকাটা শেষে প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থান করেন। এ সময় টেবিলের ওপর দোকানির কালো রঙের একটি স্মার্টফোন রাখা ছিল। একপর্যায়ে এসআই রাসেল তাঁর হাতে থাকা নথি ও নিজের মোবাইল ফোনটি দোকানির ফোনের ওপর রাখেন এবং কথা বলার সুযোগে দুটি ফোনই পকেটে ঢুকিয়ে নিয়ে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে ফোন না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন দোকানি রাজিব আহমেদ। ভুক্তভোগী জানান, প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজের প্রমাণ দেখালে এসআই রাসেল ফোনটি হারিয়ে ফেলেছেন দাবি করে গভীর রাতে তাঁকে ১৫ হাজার টাকা প্রদান করেন।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সিসিটিভি ফুটেজে পুলিশ কর্মকর্তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক ও পরিকল্পিত মনে হয়েছে। তবে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত এসআই রাসেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার ওসি জানান, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলেও শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে উক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|