ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি শান্তিময় ও সহাবস্থানের ফেনী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফেনী পৌরসভার কনফারেন্স হলে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) আয়োজিত এক নাগরিক সংলাপে এই অঙ্গীকার করা হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমাদের দেশে নির্বাচন-পরবর্তী ভয়ের সংস্কৃতি এখনো বিদ্যমান। যারা ক্ষমতায় যায়, তাদের মধ্যে অনেক সময় কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতা দেখা যায়। মানুষ যেন ক্ষমতাকে ভয়ের দৃষ্টিতে না দেখে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখে, সেই পরিবেশ তৈরি করতে হবে।”
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। এখন হয়তো আলাদাভাবে নির্বাচন করবো, কিন্তু ফেনীর রাজপথে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এটাই আমাদের প্রত্যাশা।”
যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, “বিএনপি জনগণের জন্য কাজ করবে। যদি কখনো কোনো ভুল হয় বা জনগণের কষ্ট হয়, তবে প্রতিবাদ করার পূর্ণ অধিকার আপনাদের আছে। আমরা জবাবদিহিতায় বিশ্বাস করি।”
সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেএসডি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন সাচ্ছুসহ বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা একমত হন যে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু তা যেন সংঘাতের রূপ না নেয়। সহাবস্থানের এই পরিবেশ বজায় রাখতে পারলে ফেনীবাসী দীর্ঘমেয়াদী স্বস্তি পাবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ