শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার সদরের রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচংয়ের সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের জুয়েল মিয়া (২৮) এবং রাসেল আহমেদ (৩০)।
পুলিশ জানায়, গভীর রাতে একটি প্রাইভেটকারে এসে বিরাহিমপুরের জোড়াপুল এলাকায় কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে থাকা ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়।
পরে তাঁদের তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি ধারালো চাকু, লোহার শাবল ও বিভিন্ন ধরনের স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কালো রঙের টয়োটা এলিয়ন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫) জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিরা ইন্টারনেটের সিডিএমএস রেকর্ড অনুযায়ী একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলার আসামি। তাঁরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং শ্রীমঙ্গলের কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এ ঘটনায় পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|