ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াগাঁও এলাকায় মালবাহী একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭০৮৬) বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুরমা সুপার’ (ঢাকা মেট্রো ব-১৫-৯২৪১) পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষের ফলে যাত্রীবাহী বাসের চালক, হেল্পার, যাত্রী এবং ট্রাকের চালক-হেল্পারসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন ও পথচারীরা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত ও গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের কাজ শুরু করে। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ