ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: দেশের এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন এবং দূরপাল্লার বাসে খুব দ্রুত ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইসিটি খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে সারাদেশে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্রি ওয়াইফাই চালুর প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। এছাড়া সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে পরামর্শ করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।”
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বর্তমানে চালু থাকা তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। প্রযুক্তির এই সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় টাঙ্গাইলের সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবীশ) লাবিবুজ্জামান মুস্তাবীনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ