কোটালীপাড়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ সভা অনুষ্ঠিত
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ডিজিটাল লেনদেনের প্রসার এবং 'ক্যাশলেস বাংলাদেশ' বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১১টায় কোটালীপাড়া উপশাখার আয়োজনে ঘাঘর বাজার দাঁড়িয়া মার্কেট কার্যালয়ে গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ঘাঘর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কোটালীপাড়া উপশাখা ব্যবস্থাপক কাজী মিনার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, গ্রাহক জবেদ আলী এবং প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি এইচ এম মেহেদী হাসনাত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "স্মার্ট ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই।" তিনি নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেনে 'বাংলা কিউআর' (Bangla QR) এবং ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের ওপর জোর দেন।
সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে স্থানীয় দুজন ব্যবসায়ীর হাতে 'বাংলা কিউআর' কোড হস্তান্তর করেন। পরবর্তীতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাশলেস ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এআইএল/সকালবেলা
|