কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বৃদ্ধের যাবজ্জীবন
কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডল (৬৬) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম এই রায় দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ওই ছাত্রী ঘরের বাইরে গেলে আসামি তাহাজুদ্দিন তাকে জোরপূর্বক পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর কুমারখালী থানার পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
এআইএল/সকালবেলা