গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু
এম. জহিরুল হক মিলন, ফেনী: সমালোচনা করতে গিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার এবং তার জবাবে হামলা বা গাড়ি ভাঙচুর করা—দুটোই ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ ও অতীতমুখী রাজনীতি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (১ আগস্ট) বিকেলে ফেনী শহরের মিজান রোডস্থ জেলা কার্যালয়ে এবি পার্টি আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী'র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, "রাজনীতিতে সমালোচনা থাকবেই, কিন্তু তার জবাবে কুরুচিপূর্ণ ভাষা কিংবা সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। গালিগালাজ ও হামলা—দুটোই অতীতমুখী রাজনীতির অংশ। এই মানসিকতা থেকে আমরা বের হয়ে আসতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।"
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের দায়ভার প্রসঙ্গে তিনি বলেন, "প্রতিটি সংগ্রামেরই সাফল্য ও ব্যর্থতা থাকে। জুলাই অভ্যুত্থানের সাফল্যের ভাগ যারা দাবি করবেন, ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। জুলাই আন্দোলন যাদেরকে ক্ষমতায় বসিয়েছে, গণআকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব তাদেরই সবচেয়ে বেশি।"
রাজনীতিতে সাম্প্রতিক সহনশীলতার অভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, "অতীতে যারা বিএনপিকে দমন-পীড়ন ও গালিগালাজ করেছিল, দলটি আজ তাদের প্রতি ক্ষমাশীল। কিন্তু যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের পতন ঘটাতে সাহায্য করেছে, আজ তাদের সামান্য সমালোচনাও সহ্যাতীত হয়ে উঠেছে। এটি অতীতের ভুলেরই পুনরাবৃত্তি।" পতিত ফ্যাসিবাদের আস্ফালন মোকাবিলায় তিনি জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোহাইমিন তাজিম বলেন, "প্রতিহিংসার রাজনীতির কারণেই ২৪-এর ৪ আগস্ট আমাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। আমরা আর এই প্রতিহিংসা দেখতে চাই না; বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, "দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের কবল থেকে নতুন বাংলাদেশের সূর্যোদয় ঘটিয়েছে জুলাই আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ফেনী থেকে নিজাম হাজারীর মতো কলঙ্কময় অধ্যায়ের স্থায়ী কবর রচিত হয়েছে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জাগপা ফেনী জেলা সভাপতি মো. সাইফ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ মজুমদার, জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলা আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল এবং জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা
|