মাগুরার হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
মাগুরার হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার

এম. জহিরুল হক মিলন, ফেনী: মাগুরায় চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও মহাসড়কে ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাগর মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত আড়াইটার দিকে র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-৪ (সাভার)—এর একটি যৌথ আভিযানিক দল ফেনী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাগর মোল্লা মাগুরা জেলার শালিখা থানার ভাটোয়াইল গ্রামের ওহাবের ছেলে। তিনি ওই চাঞ্চল্যকর মামলার ৯ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে মাগুরা সদর থানায় দায়ের করা ওই হত্যা ও ডাকাতি মামলার আসামি সাগর মোল্লা দীর্ঘ দিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ফেনী মডেল থানা এলাকায় আত্মগোপনে আছেন। এই তথ্যের সত্যতা যাচাই করে র‍্যাবের চৌকস যৌথ দল ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মুহুরী ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। পরে ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরির সময় কৌশলে ঘেরাও করে সাগর মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ওই ডাকাতি ও হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মাগুরা জেলা পুলিশের কাছে সোপর্দ করার আইনি প্রক্রিয়া হিসেবে আজ তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন