যুক্তরাষ্ট্রে ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসছেন

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসছেন
জাতীয় ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করা এবং দু'দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন।

সফরকালে মার্কিন এই উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাঁদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক সফর পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, “যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী ও প্রভাবশালী ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বাংলাদেশে মার্কিন নতুন মূলধন ও প্রযুক্তিগত বিনিয়োগ বাড়াতে বিশাল ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বহুমাত্রিক অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে।”

তিনি আরও জানান, সকালে আয়োজিত আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচিত নতুন সরকারের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা ও আত্মবিশ্বাসের কথা ব্যক্ত করা হয়েছে। মার্কিন প্রতিনিধিরা মন্তব্য করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং একটি সুন্দর গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সহজীকরণ ও আমদানি-রপ্তানি গতিশীল করতে স্থানীয় শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও এক পৃথক বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ব্যবসায়ীদের দাবির মুখে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরসহ সকল প্রধান বন্দরে কমার্শিয়াল অ্যাক্টিভিটি সচল রাখতে ২৪/৭ (দিনরাত ২৪ ঘণ্টা) নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র পুনর্ব্যক্ত করেন যে, সরকারের মূল লক্ষ্য দেশের তরুণ সমাজ ও বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলনীতিকে সামনে রেখে বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি ও জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে বর্তমান নির্বাচিত সরকার।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

মন্তব্য করুন