নতুন বাংলাদেশ শাপলার চেতনার কাছে ঋণী: মামুনুল হক
বিশেষ সংবাদদাতা: ‘৩৬ জুলাই-পরবর্তী’ নতুন বাংলাদেশ শাপলার চেতনার কাছে ঋণী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম পূর্ব চত্বরে আন্তর্জাতিক ইসলামী বইমেলায় শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে ‘শাপলা কর্নার’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, একটি জাতির রাজনীতি ও পরিবর্তনের পেছনে তার সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের জাগরণ ছিল রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসার পবিত্র চেতনার ভিত্তিতে অন্যতম শ্রেষ্ঠ গণজাগরণ। তিনি উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন যেভাবে মুক্তিযুদ্ধের পথ তৈরি করেছিল, একইভাবে ২০১৩ সালের শাপলার চেতনা শক্তিশালী সাংস্কৃতিক বুনিয়াদ তৈরি করেছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানও সেই রক্তে রাঙা বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত।
শাপলা স্মৃতি সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সংগঠনটি শহীদদের প্রামাণ্য তালিকা ও স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ প্রকাশ করেছে এবং প্রতিটি শহীদ পরিবারের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখছে। ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প-সাহিত্য, প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শাপলার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া হবে। বইমেলায় তরুণ লেখকদের শাপলা কেন্দ্রিক বই ও প্রকাশনা পাঠক-দর্শকদের সামনে তুলে ধরতেই এই ‘শাপলা কর্নার’ স্থাপন করা হয়েছে।
শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হুসাইন, মাওলানা আবুল হাসানাত জালালী ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা