ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া: আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর নানামুখী সমীকরণের মধ্যে আলোচনায় উঠে এসেছেন তৃণমূল থেকে উঠে আসা বলিষ্ঠ নেতৃত্ব ও সাবেক ছাত্রনেতা তপন চৌধুরী। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে তাঁর নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে।
তপন চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থাকাকালীনই ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে নিজের পরিচয় দেন। পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তপন চৌধুরী সংগঠনের কমিটি পুনর্গঠন এবং রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকা রাখায় দলের বড় একটি অংশের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। ভোটারদের একাংশ মনে করছেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব গজারিয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আসন্ন নির্বাচনকে ঘিরে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও তপন চৌধুরীর নাম মুখে মুখে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দলের গ্রিন সিগনাল এবং স্থানীয় জোটের সমীকরণ ঠিক থাকলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ তাঁর প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন।
সব মিলিয়ে আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলোতে প্রার্থীদের জনসম্পৃক্ততা ও কৌশলের ওপরই নির্ভর করবে গজারিয়ার আগামীর রাজনৈতিক ভাগ্য।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ