হবিগঞ্জে সড়ক কেটে ড্রেজার পাইপ, ভোগান্তিতে গ্রামবাসী

হবিগঞ্জে সড়ক কেটে ড্রেজার পাইপ, ভোগান্তিতে গ্রামবাসী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সড়ক কেটে ড্রেজার মেশিনের পাইপ বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় অন্তত তিন-চারটি গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, খোয়াই নদী থেকে বালি ও মাটি উত্তোলনের উদ্দেশ্যে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ড্রেজার পাইপ বসানো হয়েছে। নদীর যে অংশে ড্রেজার মেশিন স্থাপন করা হয়েছে, সেখানে প্রতিরক্ষা বাঁধ ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুমে এই অবস্থায় বড় ধরনের প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট প্রভাবশালী চক্রটি রাতের আঁধারে এলজিইডির সড়ক কেটে পাইপ বসিয়েছে। এর ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং ইতোমধ্যে দুটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চরহামুয়া কালীগঞ্জ এলাকায় পুনরায় পাইপ স্থাপনের চেষ্টা চালানো হলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করেন। গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা আদ্যপাশা গ্রামের আব্দুল মোতালিব ও মোখলেস মিয়া, সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী এবং লস্করপুর গ্রামের মো. আফরোজ আলীকে দায়ী করেছেন। চরহামুয়ার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, “যেখানে ড্রেজার মেশিন বসানো হয়েছে, বর্ষাকালে সেই জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা গুরুত্ব সহকারে এটি খতিয়ে দেখছি এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার এবং অবৈধ ড্রেজার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন, যাতে আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন