টাঙ্গাইলে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহরে দলটির নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। 

আজ রবিবার (২১ জুন) সকালে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এই মিছিলের ঘটনা ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই মিছিলের ভিডিও দ্রুত ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সকালের দিকে শহরের ভিক্টোরিয়া রোড এলাকা থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১২ থেকে ১৫ জনের একটি দল আচমকা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে আরও লক্ষ্য করা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনের হাতে টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ছবি সম্বলিত মাস্ক ছিল।

ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহর এলাকা থেকে ইতিমধ্যে একজনকে আটক করেছে থানা পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঝটিকা মিছিল ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, "মিছিলের ঘটনায় শহর থেকে একজনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার কাজ চলছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টাকারী অন্যান্যদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন