ফেনীতে নিখোঁজ কিশোরের সন্ধানে এসপি কার্যালয়ের সামনে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
ফেনীতে নিখোঁজ কিশোরের সন্ধানে এসপি কার্যালয়ের সামনে মানববন্ধন

এম. জহিরুল হক মিলন (ফেনী): ফেনীতে ব্যাটারিচালিত রিকশাসহ নিখোঁজের ১৫ দিন পার হলেও ১২ বছর বয়সী শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনের সন্ধান মেলেনি। নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের দাবিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।

নিখোঁজ ইমন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। কিন্তু রাতে সে আর ঘরে ফিরে আসেনি। পরবর্তীতে ফেনীর ফতেহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিকশাটি পাওয়া গেলেও সেটির ব্যাটারিগুলো গায়েব ছিল। ঘটনার পরদিন থেকেই ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরিসহ (জিডি) সম্ভাব্য সব জায়গায় সন্ধান করে চলেছে ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে ইমনের ভাই মোবারক হোসেন ও মোশাররফ হোসেন ইপু অভিযোগ করে বলেন, ইমনের সন্ধানে পুলিশের জোরালো কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এমনকি সিসিটিভি ফুটেজ সংগ্রহের বিষয়ে পুলিশকে বারবার অনুরোধ জানালেও স্বজনদেরই ফুটেজ সংগ্রহ করতে বলা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে ইমনের মা মোমেনা বেগম বলেন, “আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত বা মৃত, যেকোনো অবস্থায় আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন।”

বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীকে উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

অভিযোগের বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, “সম্ভাব্য চলাচলের পথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে সর্বশেষ বিসিক এলাকায় খালি রিকশা নিয়ে যেতে দেখা গেছে। একটি সূত্রের ওপর ভিত্তি করে চট্টগ্রামেও অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।”

এআইএল/সকালবেলা