মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নাজমুল হাসান (মাদারীপুর): মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঘটা এ আকস্মিক ঘটনায় পুরো এলাকায় তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে দুটি বিষয় সামনে আনা হচ্ছে—দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এটি ঘটে থাকতে পারে, অথবা আসন্ন সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেও কেউ এটি ঘটাতে পারে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, আজ বিকেল ৪টায় একই এলাকার স্বাধীনতা অঙ্গনে 'জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) একটি পূর্বনির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে এমন বিস্ফোরক ঘটনার পেছনে রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

এআইএল/সকালবেলা