ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামীপন্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত শিক্ষকদের অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ইফতার মাহফিলে বঙ্গবন্ধু পরিষদের অনেক প্রভাবশালী শিক্ষক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীসহ আরও অনেক আওয়ামীপন্থী শিক্ষক অংশ নেন। অথচ বিএনপিপন্থী ‘সাদা দল’ হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারসহ অনেক সিনিয়র শিক্ষক এই আয়োজনে উপস্থিত ছিলেন না।
অভিযোগের বিষয়ে ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ইউট্যাব জাতীয়তাবাদী মতাদর্শের সংগঠন হলেও ইফতারে আমরা দলমত নির্বিশেষে সকল শিক্ষককে দাওয়াত করেছি। শিক্ষক হিসেবে তাঁরা এসেছেন, এখানে কাউকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ নেই। যারা অপরাধ করেছে, তাদের বিচার হোক তা আমরাও চাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন জানান, ‘এটি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, রাজনৈতিক নয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সম্পর্কের খাতিরেই সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
ইউট্যাবের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাদা দলের সিনিয়র নেতা অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। তিনি বলেন, ‘বিগত ১৫ বছর যারা নীল দলের (আওয়ামীপন্থী) হয়ে সুযোগ-সুবিধা নিয়েছেন এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি করেছেন, আজ ইউট্যাব তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। বর্তমান প্রশাসনকে বেকায়দায় ফেলতে তাঁরা এসব শিক্ষকদের সাথে নিয়ে চলতে চায় কি না, তা নিয়ে আমি হতবাক ও চিন্তিত।’
তিনি আরও যোগ করেন, ‘যাঁরা শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত, তাঁদের এভাবে ইফতার মাহফিলে ডেকে এনে স্বাভাবিক করার প্রক্রিয়াটি জুলাইয়ের চেতনার পরিপন্থী।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে অভিযুক্ত শিক্ষকদের প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিএনপিপন্থী সংগঠনের নেতাদের তাঁদের সাথে এক কাতারে বসা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ