ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় লামিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চান্দা ইউনিয়নের মালিগ্রাম কারিগরপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া বেগম ওই গ্রামের ব্যবসায়ী জাবেদ আলী ব্যাপারীর স্ত্রী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার মালিগ্রাম কারিগরপাড়া এলাকার একটি দোতলা ভবনের নিচতলার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গৃহবধূর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে থানা থেকে পুলিশ দল পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী জাবেদ ব্যাপারি জানান, চার বছর আগে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের দাম্পত্য জীবনে আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সকালে তিনি ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে পরিবারের কাছে স্ত্রীর আত্মহত্যার খবর পান। দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না দাবি করে তিনি স্ত্রীর আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানান।
তবে গৃহবধূর বড় ভাই জুয়েল সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বোন জামাতা জাবেদের সঙ্গে লামিয়ার সম্পর্ক ভালো ছিল না। বিশেষ করে মোবাইল ফোন চালানোকে কেন্দ্র করে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন তিনি।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|