যমুনায় অভিযান: ৮ হাজার মিটার জাল জব্দ, জেলের জরিমানা

যমুনায় অভিযান: ৮ হাজার মিটার জাল জব্দ, জেলের জরিমানা

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ এবং এক জেলেকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

যমুনা নদী এলাকায় পরিচালিত এই অভিযানে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি বেড়জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। অভিযান চলাকালে অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক করা হয় কাউছার ইসলাম (২৫) নামে এক যুবককে। তিনি সদর উপজেলার হরিপুর ইউনিয়নের দেলুটিয়া গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী কাউছারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা নিয়ে তাঁকে পিতার জিম্মায় মুক্তি দেওয়া হয়।

অভিযানে প্রায় ৫ কেজি মাছ জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে কাজিপুর আহম্মেদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন