শিবপুরে ১৫শ' পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

শিবপুরে ১৫শ' পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

সুরুজ মিয়া, শিবপুর : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর শিবপুর পৌরসভায় ১ হাজার ৫০০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। সরকারি এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

রোববার (১৫ মার্চ) সকালে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শিবপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এছাড়াও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শিবপুর থানার পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পৌরসভার তালিকাভুক্ত মোট ১ হাজার ৫০০টি কার্ডধারী পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ সম্পন্ন হয়। ঈদের আগে সরকারের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষজন সন্তোষ প্রকাশ করেছেন।

পৌর প্রশাসক মুহ. আব্দুর রহিম জানান:

“উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার এই মানবিক উদ্যোগ নিয়েছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে প্রকৃত কার্ডধারীদের হাতে এই সহায়তা পৌঁছে দিচ্ছি যাতে অসহায় পরিবারগুলো সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে।”

পুরো কার্যক্রমটি প্রশাসনের নিবিড় তদারকিতে সম্পন্ন হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন