ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিক দল। যার মূল মঞ্চ গড়ে দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করে পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন তিনি। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আউট হওয়ার আগে ১০৭ বলে করেছেন ১০৭ রান। দলীয় ১৯৪ রানে তার বিদায়ের পর ইনিংস টেনে নিয়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। তাদের ব্যাটেই স্কোর আড়াইশ পার হয়েছে। লিটন ৪১ রানে আউট হলে হৃদয় ৪৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন হারিস রউফ। ৫২ রানে ৩ উইকেট নেন তিনি। একটি করে নেন শাহীন আফ্রিদি ও আবরার আহমেদ।
টস হেরে ব্যাট করতে নামলেও দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতেই ১৭ ওভারে যোগ করেছিল ৯৬ রান। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান। ৪৭ বলে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। সাইফ হাসান ও তানজিদ হাসান মিলে দারুণ শুরু এনে দিয়েছিলেন। দুই ওপেনারের ব্যাটে ১৮ ওভারেই স্কোরবোর্ডে জমা হয়েছিল ১০৫ রান। তবে ১৮.১ ওভারে আক্রমণাত্মক হওয়ার মাশুল দিয়েছেন সাইফ। শাহীনের বলে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়ে ৩৬ রানে বোল্ড হয়েছেন তিনি। সাইফের ৫৫ বলের ইনিংসে ছিল ৩টি চার।
সাইফের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন তানজিদ হাসান। তবে ২৯.২ ওভারে শান্তকে এলবিডব্লিউতে ফিরিয়ে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন হারিস রউফ। শান্ত ৩৪ বলে ৩ চারে করেছেন ২৭ রান। এরপর ৩৬.২ ওভারে ১০৭ রানে তানজিদকে থামিয়েছেন আবরার আহমেদ। তানজিদের বিদায়ের পর চতুর্থ উইকেটে ভালো জুটি গড়েছিলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ৬৮ রান যোগ করেন তারা। কিন্তু শেষ দিকে রান বাড়িয়ে নেওয়ার তাড়ায় রউফের বলে ৪১ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন দাস। পরের বলে নতুন ব্যাটার রিশাদ হোসেনকেও বোল্ড করেছেন রউফ। তাতে ২৬২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
২৯১ রানের লক্ষ্য দিয়ে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারেই আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৬ রানে ফিরেছেন ওপেনার সাহেবজাদা ফারহান (৬)। পরের ওভারে আঘাত হানেন নাহিদ রানা। আগ্রাসী হতে চাওয়া মাজ সাদাকাতকেও গ্লাভসবন্দি করান তিনি। পরের ওভারে তাসকিন আবারও আঘাত হানলে ৩ ওভারেই বিপদে পড়ে যায় পাকিস্তান। নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ৪ রানে বোল্ড করেছেন তিনি। পাকিস্তান তৃতীয় উইকেট হারায় ১৭ রানে!
১৭ রানে তিন উইকেট হারানোর পর শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন অভিষিক্ত গাজি ঘোরি ও আব্দুল সামাদ। চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেন তারা। ১৪তম ওভারে এসে এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। গাজি ঘোরিকে ২৯ রানে বোল্ড করেছেন তিনি। ঘোরির ৩৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়। তৃতীয় উইকেট পতনের পর ধাক্কা সামাল দিতে ঘোরির সঙ্গে প্রতিরোধ গড়েছিলেন আব্দুল সামাদ। ঘোরির প্রতিরোধ ভাঙার পর স্থায়ী হয়নি সামাদের ইনিংসও। ১৭.৪ ওভারে সামাদকে লিটনের গ্লাভসবন্দি করান মোস্তাফিজুর রহমান। পাকিস্তানি ব্যাটার ৪৫ বলে করেছেন ৩৪ রান। তাতে ছিল ৫টি চার।
তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২৩ ওভারে ১১২/৫ (সালমান ১০*, সাদ ২১*; ফারহান ৬, সাদাকাত ৬, রিজওয়ান ৪, ঘোরি ২৯, সামাদ ৩৪)।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ