সাংবাদিক বাবুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণে পীরগাছা প্রেস ক্লাবের ক্ষোভ

সাংবাদিক বাবুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণে পীরগাছা প্রেস ক্লাবের ক্ষোভ

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের প্রতিনিধি হারুন অর রশিদ বাবুর সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতির অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পীরগাছা প্রেস ক্লাব। 

রোববার (১৫ মার্চ ) এক বিবৃতির মাধ্যমে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার সন্ধ্যায় অন্নদানগর ইউনিয়নের প্রশাসক বিজয় কুমার রায়ের স্বাক্ষরিত একটি রেজুলেশন ফেসবুকে ভাইরাল হয়, যেখানে ভিজিএফ কার্ড প্রশাসকের নিজের এবং ‘দলীয় ব্যক্তিদের’ মধ্যে ভাগাভাগির উল্লেখ ছিল। এই দুর্নীতির প্রতিবাদে রোববার সকাল ১০টার দিকে কার্ডবঞ্চিত আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক হারুন অর রশিদ বাবু ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অন্নদানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান দলবলসহ তার ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান ওই সাংবাদিকের সঙ্গে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে তাঁর ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার এক যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তাঁরা বলেন:

“একজন সংবাদকর্মী যখন জনস্বার্থে পেশাগত দায়িত্ব পালন করেন, তখন তাঁর সঙ্গে এমন আচরণ শুধু দুঃখজনকই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁদের কাজে বাধা সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক একরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম মিলন এবং কার্যকরী সদস্য আসাদুজ্জামান মানিক ও মাসুদ রানা। নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তাঁরা অবিলম্বে অভিযুক্ত জিল্লুর রহমানের এমন আচরণের জন্য কৈফিয়ত দাবি করেছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন