ময়মনসিংহে ছাদবাগান থেকে ৪০টি গাঁজার গাছসহ আটক ১

ময়মনসিংহে ছাদবাগান থেকে ৪০টি গাঁজার গাছসহ আটক ১

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহে নিজ বাড়ির ছাদে গড়ে তোলা অভিনব এক গাঁজা বাগানের সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে ৪০টি গাঁজার গাছসহ তোফাজ্জল হোসেন (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় ডিবির একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানার বাদেকল্পা পীর বাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তোফাজ্জল হোসেনের একতলা বসতবাড়ির ছাদে রোপণকৃত বিভিন্ন আকারের ৪০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তোফাজ্জল হোসেন মৃত মিয়া হোসেনের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়ির ছাদে সুকৌশলে গাঁজা চাষ করে আসছিলেন। উদ্ধারকৃত গাছগুলো জব্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের মূল উৎপাটন করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বসতবাড়ির ছাদে গাঁজা চাষের মতো এমন অভিনব কারবার ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন