শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষে গাজীপুরে ৬ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ ছয়টি শিল্পকারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোট ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ সূত্র জানায়, শ্রমিকদের চলমান অসন্তোষের জেরে আজ রবিবারের জন্য মোট ছয়টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘কাজ নেই, মজুরি নেই’ (নো ওয়ার্ক, নো পে) নীতি কার্যকর থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে কারখানাগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেবে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “বন্ধ থাকা ছয়টি কারখানার একটি তালিকা আমাদের কাছে রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের এখনো চূড়ান্ত ছুটি দেওয়া হয়নি। আমরা সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং পরবর্তী পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, আজ সকালেও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভ দেখা গেছে। কোথাও কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই অবস্থান করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে পুরো বিষয়টি নিবিড়ভাবে নজরদারি করছে। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধের নোটিশ বা ঘোষণা না দেওয়া পর্যন্ত সেটিকে বন্ধ হিসেবে গণ্য করা হবে না।

এদিকে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সেল কর্মকর্তা মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি রোধে এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে যাতে কোনো দুষ্কৃতকারী বা মহল অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে।

এআইএল/সকালবেলা