বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের কোনো ঠাঁই নেই: ড. আব্দুল কাইয়ুম
নোবিপ্রবি প্রতিনিধি: যাঁরা ফ্যাসিবাদকে ধারণ করেন, অতীতে করেছেন কিংবা ভবিষ্যতেও করবেন, বাংলার মাটিতে তাঁদের কোনো ঠাঁই হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেশজুড়ে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, “দেশে বর্তমানে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু গত ছয় মাসেরও বেশি সময় ধরে আমরা লক্ষ্য করছি, সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে পরিকল্পিতভাবে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো হচ্ছে। এসব নাশকতা ও সহিংসতার প্রতিবাদ জানাতে এবং এর সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক আজ এখানে সমবেত হয়েছেন।”
তিনি আরও বলেন, “যাঁরা ফ্যাসিবাদী আদর্শ লালন করেন, অতীতে করেছেন কিংবা ভবিষ্যতেও করার অপচেষ্টা চালাবেন, এ দেশের মাটিতে তাঁদের কোনো স্থান নেই। তাঁরা যেখানেই আত্মগোপন করে থাকুক না কেন, তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।” এ সময় তিনি চলমান এসব সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ ছাড়া ক্যাম্পাসে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে নিয়মিত একাডেমিক কার্যক্রম সচল রাখতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত যেকোনো ইতিবাচক পদক্ষেপ এগিয়ে নিতে শিক্ষকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
মানববন্ধনে উপস্থিত অন্যান্য শিক্ষকরাও দেশের বিভিন্ন স্থানে চলমান নৈরাজ্য ও সহিংসতার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তোলেন।
এআইএল/সকালবেলা