বাঞ্ছারামপুরে পরিচিতি সভায় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: 'মৌলিক পরিবর্তন আনতে হবে'

বাঞ্ছারামপুরে পরিচিতি সভায় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: 'মৌলিক পরিবর্তন আনতে হবে'

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়েই আমাদের বর্তমান সরকার গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা অনেক, আর সেই প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের পুরোনো কাঠামো ভেঙে নতুন ও কার্যকর পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্সসহ যেসব জায়গায় মানুষের সরাসরি সেবা প্রয়োজন, সেসব খাতে বড় এবং মৌলিক পরিবর্তন আনতে হবে। আমাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের জীবনে পরিবর্তনের ছোঁয়া টের পান।”

তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুরের মানুষের কাছে আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের। আমি চাই আপনারা সবাই সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় কাজ করবেন।”

সভায় প্রতিমন্ত্রী বাঞ্ছারামপুরের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সকল দপ্তরের মধ্যে সমন্বয় জরুরি।

এম.এম/সকালবেলা


মন্তব্য করুন