ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরণের চাঁদাবাজি বা অনৈতিক সুবিধা নিতে না পারে—এ বিষয়ে উপজেলা ও থানা প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো মানুষই যেন রাজনৈতিক হয়রানির শিকার না হন, সেই নিরাপদ পরিবেশ সরকার নিশ্চিত করবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত মতবিনিময় সভা ও গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমি নেতা হতে আসিনি, এসেছি আপনাদের সেবা করতে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে কাজ করছি। অতীতে অনেকে এলাকায় নিরাপদে থাকতে পারেননি, বাড়িঘর ভাঙচুর ও সহিংসতার শিকার হয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে এবং আগামী দিনে এলাকায় পূর্ণাঙ্গ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।” তিনি অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে একই দিন বিকেল ৪টায় গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত বরণ ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী অংশ নেন। সেখানে তিনি বলেন, “আমি এখন নির্বাচিত প্রতিনিধি। তাই দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। আমাদের শিক্ষাব্যবস্থায় অবকাঠামো ও জনবল সংকট রয়েছে, বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার প্রশংসা করে তিনি বলেন, নিয়মিত সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত থেকে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। “আমরা যদি সময়মতো কাজ শুরু করি, তবেই মানুষ সহজে সেবা পাবে এবং দাপ্তরিক হয়রানি কমবে। সরকারের শুরুটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের কার্যক্রম কেমন হবে।”
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম এনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ