শরণখোলায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আবদুল আলীমের

শরণখোলায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আবদুল আলীমের

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল আলীম বলেছেন, এলাকায় কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান মাস মানুষকে তাকওয়া ও আত্মসংযমের শিক্ষা দেয়। রোজার প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে পারলে কেউ অন্যের হক নষ্ট করতে পারে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মো. গোলাম সরওয়ার।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি মো. মোস্তফা আমিন। এছাড়া অধ্যাপক মো. নাসরুল্লাহ, ডা. ফজলুর রহমান, মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল এবং মাওলানা আব্দুল জলীল আনওয়ারীসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ আবদুল আলীম আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নাজমুল ইসলাম/সকালবেলা

মন্তব্য করুন