ডোমারে ঐতিহ্যবাহী ‘পাখির গ্রাম’ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
ডোমারে ঐতিহ্যবাহী ‘পাখির গ্রাম’ পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার প্রায় দুই শতকের ঐতিহ্যবাহী ‘পাখির গ্রাম’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে এই গ্রামটির গুরুত্ব তুলে ধরে তিনি পাখিদের নিরাপদ আবাসস্থল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক গ্রামটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয়দের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।"

তিনি আরও জানান, দেশীয় ও অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত চিলাহাটির এই ‘পাখির গ্রাম’ পুরো দেশের জন্য একটি অনন্য প্রাকৃতিক ঐতিহ্য। সরকারি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা হবে।

এ সময় পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং এই অঞ্চলকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজমের সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে চিলাহাটির ‘পাখির গ্রাম’ সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন