পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
অনলাইন ডেস্ক: বরিশালে পুলিশের গ্রেপ্তারি অভিযান থেকে বাঁচতে পালাতে গিয়ে সড়কের পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে রাশেদ খান মেনন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন কাউনিয়া এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে। তিনি বরিশাল মহানগরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে কাউনিয়া থানা পুলিশ রাশেদ খানের বাসা ঘেরাও করে। বিষয়টি টের পেয়ে তিনি প্রথমে তাঁর বাসার পেছনের একটি কবরস্থানে গিয়ে আত্মগোপন করেন। পুলিশ সেখানেও তল্লাশি শুরু করলে তিনি দেয়াল টপকে পাশের আরেকটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে পুলিশ ওই বাড়িটিও অবরুদ্ধ করলে তিনি সেখান থেকে প্রাণভয়ে দ্রুত দৌড়ে পালাতে যান। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে পাশের একটি পাকা দেয়ালের সঙ্গে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি সুনির্দিষ্ট মামলা ছিল। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
|