ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী এক বর্ণাঢ্য আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইল শহরের গোয়ালবাড়ি এলাকায় ‘চারু কানন’ নড়াইলের আয়োজনে এই শৈল্পিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্ট ক্যাম্পে নড়াইলসহ বিভিন্ন অঞ্চলের শতাধিক উদীয়মান ও অভিজ্ঞ শিল্পী অংশগ্রহণ করেন, যারা তাদের তুলির আঁচড়ে সুলতানের আদর্শ ও গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরেন।
চারু কানন নড়াইলের পরিচালক সমীর কুমার বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বিমানেশ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে সাহিত্যিক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান লিটু ও রিপন শিকদারসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, সুলতান তার কাজের মাধ্যমে বাংলার শ্রমজীবী মানুষকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
আর্ট ক্যাম্পের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন। আয়োজকরা জানান, সুলতানের চেতনাকে নতুন প্রজন্মের শিল্পীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বর্ণিল এই আয়োজনটি স্থানীয় শিল্পানুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ