ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত সভায় সভাপতিত্ব করেন।
সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয়। সভায় জানানো হয়, বর্তমানে পবিত্র রমজান মাস চলমান থাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতা বজায় রেখে এবারের শহীদ দিবসের আয়োজনগুলো কিছুটা সংক্ষিপ্ত আকারে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দিবসটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়।
একই সভায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সোনারগাঁও উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মিয়াসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্কুল-কলেজের প্রধানগণ এবং সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ দিবসের অন্যান্য কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ