‘বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান গোপন রাখা হয়’: এমপি মাহবুবুর রহমান বেলাল

‘বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান গোপন রাখা হয়’: এমপি মাহবুবুর রহমান বেলাল

আবু রায়হান, রংপুর ব্যুরো স্টাফ: “বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীরা যদি কোনো অবদান রাখে, তবে সেটি ‘হাইড’ বা গোপন রাখা হয়”—এমন মন্তব্য করেছেন রংপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রংপুর নগরীর শাপলা চত্বর সংলগ্ন মহানগর জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, “একুশে ফেব্রুয়ারির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামপন্থীরা বাংলাদেশের জন্য কোনো অবদান রাখলে তা প্রকাশ করা হয় না। বরং বামপন্থী সেক্যুলারদের ভূমিকাই বেশি করে সামনে আনা হয়। ইতিহাসের যথাযথ চর্চা ও নিরপেক্ষ মূল্যায়ন হওয়া দরকার।” তিনি আরও দাবি করেন, অতীতে ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমসহ অনেকের অবদানকে অস্বীকার করা হয়েছে।

ভাষার মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের পূর্ণ মর্যাদা এখনো নিশ্চিত করা যায়নি। আজও বিচার বিভাগের রায় অনেক ক্ষেত্রে ইংরেজিতে লেখা হয় এবং বড় বড় প্রতিষ্ঠানে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার করা হয়। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

রংপুর মহানগর জামায়াতের আমির ও উপাধ্যক্ষ এটিএম আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী এবং কোতোয়ালি থানা সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ.আর/সকালবেলা

মন্তব্য করুন