পলাশে ধানের শীষের পক্ষে পথযাত্রা ও গণসংযোগ

পলাশে ধানের শীষের পক্ষে পথযাত্রা ও গণসংযোগ

নরসিংদী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের পক্ষে ব্যাপক পথযাত্রা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পলাশ উপজেলা যুবদলের সভাপতি প্রত্যাশী মকবুল মোর্শেদ রতনের নেতৃত্বে ঘোড়াশাল পৌরসভার ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। পথযাত্রাটি সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। ভোটারদের উদ্দেশে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, জনগণের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই হিসেবে এই নির্বাচনকে দেখতে হবে। 

পথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াশাল সাদ্দাম বাজারে অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে এসে সমাপ্ত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল আবেদীন মাসুক, পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির ইসলাম রবিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পথযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মকবুল মোর্শেদ রতন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. আব্দুল মঈন খানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। 

ড. মঈন খানের বিজয় নিশ্চিত হলে এলাকায় চলমান উন্নয়নের ধারা বজায় থাকার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই গণসংযোগে নারী ভোটার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। পুরো কর্মসূচি জুড়ে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল।

এম.এন.এস/সকালবেলা

মন্তব্য করুন