বেতাগীতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত

বেতাগীতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত

মোঃ সোহেল রানা, বরগুনা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বেতাগী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

 রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে বেতাগী পৌরসভা, বেতাগী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার চত্বরে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন:

"একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাত গভীর হওয়ার সাথে সাথে শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস.আর/সকালবেলা

মন্তব্য করুন