ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক, পরিচিত ‘জুলাইযোদ্ধা’ ইমনদ্দোজা আহমেদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা কাজির পয়েন্টে এই হামলার ঘটনা ঘটে।
আহত ইমনদ্দোজাকে গুরুতর অবস্থায় দ্রুত সুনামগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সহযোগী রাত পৌনে ১টার দিকে ইমনদ্দোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানান, একদল হামলাকারী পূর্বপরিকল্পিতভাবে স্ট্যাম্প ও বাঁশ দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর বাম হাত ভেঙে গেছে এবং মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হামলা। এ ঘটনায় ইমনদ্দোজা আহমেদ রাতেই কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, “এটি ইমনদ্দোজার বন্ধুদের মধ্যকার ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক বা নির্বাচনকেন্দ্রিক সংশ্লিষ্টতা নেই।” তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে কেউ কেউ ছাত্রদল বা ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও ঘটনাটি মূলত ব্যক্তিগত বিরোধের ফল।
শহরের কেন্দ্রস্থলে প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খ.শ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ