জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মৌলভীবাজারে বেঙ্গল সুইটকে ১৬ লাখ টাকা জরিমানা

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মৌলভীবাজারে বেঙ্গল সুইটকে ১৬ লাখ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জিলাপিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য 'হাইড্রোজ' ব্যবহার করায় মৌলভীবাজারের বিখ্যাত প্রতিষ্ঠান 'বেঙ্গল সুইট ফুড'-কে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। অনাদায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ল্যাবরেটরি পরীক্ষায় বেঙ্গল সুইট ফুডের জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত হওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। গত বছরের ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর গত সোমবার (২৩শে ফেব্রুয়ারি ২০২৬) বিজ্ঞ আদালত ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এই রায় প্রদান করেন।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা মো: শাকিব হোসাইন জানান, "হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য। খাদ্য উৎপাদনে এর ব্যবহার 'খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭' অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। জিলাপিতে এটি ব্যবহার করা মানে সরাসরি মানুষের জীবন নিয়ে খেলা করা, যা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই রাসায়নিকের ব্যবহারে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি থেকে শুরু করে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে।"

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে তাঁদের এ ধরনের কঠোর অভিযান ও আইনি তদারকি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন