সরাইলে পলাতক সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
সরাইলে পলাতক সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে (৪৮) দীর্ঘ সাত মাস পর গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে সরাইল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর অরুয়াইল বাজার থেকে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে রাখা হয়। সেখান থেকে সরাইল থানায় নেওয়ার পথে তাঁর ছোট ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ বোরহান উদ্দিনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে তিনি দীর্ঘ সাত মাস ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ঠিক পেছনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বোরহান উদ্দিনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। পূর্বের ঘটনার কথা মাথায় রেখে এবার তাঁকে অত্যন্ত বিশেষ নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পলাতক ও অন্যান্য মামলাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন