সুরা বাকারার ২৯ নম্বর আয়াতের শিক্ষা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
সুরা বাকারার ২৯ নম্বর আয়াতের শিক্ষা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক ঃ পবিত্র কোরআনের শাশ্বত নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন, সুরক্ষা ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের গভীর তাৎপর্য ও মানবজীবনের সাথে এর প্রাসঙ্গিকতা উল্লেখ করে তা সবাইকে দৈনন্দিন জীবনে প্রতিপালন ও অনুসরণের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর গৌরবোজ্জ্বল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দূরদর্শী বক্তব্যে বলেন, “আমাদের এই সুন্দর পৃথিবীর পরিবেশের ভারসাম্য বা সামগ্রিক ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও অবিচ্ছেদ্য।” বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতটি সমবেত সবার সামনে অত্যন্ত সুন্দরভাবে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, “তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, তার সবটুকুই তোমাদের (কল্যাণের) জন্য সৃষ্টি করেছেন।”

পবিত্র এই আয়াতের গভীর অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করে সরকারপ্রধান আরও বলেন, “আমাদের চারপাশের নদী-নালা, পাহাড়-পর্বত, গাছপালা, ছোট-বড় কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণীসহ চেনা-অচেনা পরিবেশ ও প্রতিবেশের প্রতিটি উপাদানই—আল্লাহর সব সৃষ্টিই কোনো না কোনোভাবে মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছে।”

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবজাতিকে সতর্ক করে দিয়ে স্মরণ করিয়ে দেন যে, প্রকৃতি থেকে শুধু নিজেদের স্বার্থে ক্রমাগত সুবিধা বা সম্পদ ভোগ করলেই চলবে না, বরং প্রকৃতির চিরন্তন সুরক্ষায় মানুষকেও সমানভাবে দায়িত্বশীল হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, “আল্লাহর এই সব নিয়ামত ও সৃষ্টি থেকে যদি আমাদের টেকসইভাবে উপকার ভোগ করতে হয়, তাহলে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে অবশ্যই আমাদের কিছু সুনির্দিষ্ট নৈতিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রকৃতির সব সৃষ্টির যথাযথ যত্ন নেওয়া, অপচয় রোধ করা এবং নিয়মতান্ত্রিক পরিচর্যা করা সমগ্র মানবসমাজের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব।”

বর্তমান আধুনিক যুগে বিজ্ঞানের অভাবনীয় উৎকর্ষ ও অগ্রগতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “বিজ্ঞান আজ বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে যে, এই পৃথিবীর ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের টিকে থাকার সম্পর্কটি অত্যন্ত গভীর। এই প্রাকৃতিক ইকো সিস্টেমের নিরাপদ লালন, সংরক্ষণ এবং টেকসই বিকাশের সঙ্গেই মানুষের পৃথিবীতে নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষা করা আসলে অন্য কারও উপকার নয়, বরং আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখারই একটা অপরিহার্য অংশ।”

মন্তব্য করুন