এনসিপি ছাড়লেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম দল থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি নব্য রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিয়েছিলেন।
দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে সর্দার আমিরুল ইসলাম ফেসবুকে লিখেছেন, "গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে দলের ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহকে ম্রিয়মাণ করে।" তিনি আরও জানান, নির্বাচন পরবর্তী সময়েও দলে ডানপন্থার বাড়বাড়ন্ত লক্ষ্য করায় তিনি শেষ দুই মাস নিষ্ক্রিয় ছিলেন এবং দলের শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে প্রথমে তা গ্রহণ করা হয়নি।
এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, "অত্যন্ত পরিতাপের বিষয়, এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশা ভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।"