স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের

রাজনৈতিক প্রতিবেদক : ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া মন্তব্যকে পবিত্র ইসলামী শরিয়া ও রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা ও অবমাননার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর আহ্বান জানানো হয়েছে।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই কড়া প্রতিবাদ ও আহ্বান জানান।

লিখিত বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ দেওয়াকে মধ্যযুগীয় বর্বরতা বলে মূলত ইসলামের মহান রাসূল (সা.)-এর পবিত্র বিচারব্যবস্থাকে চরমভাবে অবজ্ঞা ও হেয় প্রতিপন্ন করেছেন। দেশের সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্বশীল একজন ব্যক্তির এই মন্তব্য রাসূল (সা.)-এর দূরদর্শী বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননাকর।”

মিয়া গোলাম পরওয়ার সরকারের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বর্তমান সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায় সময়ই প্রকাশ্য জনসভায় এবং রাজনৈতিক মঞ্চে ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করার’ এবং ‘ইসলামী শরিয়া-বিরোধী কোনো আইন দেশে প্রণয়ন না করার’ বড় বড় মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। অথচ বাস্তব ক্ষেত্রে এবং নিজেদের বক্তব্যে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে খাটো করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই নগ্ন বহিঃপ্রকাশ ঘটল।

বিবৃতিতে জামায়াত নেতা আরো উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর মন্তব্য দেশের আপামর ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম ও গভীর আঘাত হেনেছে। এটি সামগ্রিকভাবে ধর্মপ্রাণ নাগরিকদের ক্ষুব্ধ ও উসকে দেওয়ার একটি অপপ্রয়াস। দেশের সচেতন ও ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সামগ্রিক ইসলামী শরিয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন। আমরা অবিলম্বে এই বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

জান্নাত সকালাবেলা

মন্তব্য করুন