মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বিখ্যাত ‘প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার’ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস। সেখানে গিয়েই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত সেক্রেটারি জেনারেল।

সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। এ সময় জামায়াত সেক্রেটারির সঙ্গে বিশিষ্ট আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন