জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আ.লীগ এমন পরিণতিতে পড়ত না: তথ্যমন্ত্রী

জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আ.লীগ এমন পরিণতিতে পড়ত না: তথ্যমন্ত্রী

ওয়াফিক শিপলু, বগুড়া: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি অভিমত ব্যক্ত করেন যে, রাষ্ট্রে যদি জবাবদিহিতা থাকত, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে এমন শোচনীয় পরিণতির শিকার হতে হতো না।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। মন্ত্রী বলেন:

"সাংবাদিকদের জন্য নেওয়া এই উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়; এটি গণমাধ্যমকে শক্তিশালী করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ। গত ১৭ বছর সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে যে লড়াই করেছেন, রাষ্ট্র আজ তার স্বীকৃতি দিচ্ছে।"

বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এছাড়া বগুড়া প্রেসক্লাবের একটি পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করার ঘোষণা দেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া অগ্রগতি কল্পনা করা যায় না। রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও তিনি জানান।

বর্তমান সরকারের বয়স এক মাস পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন জহির উদ্দিন স্বপন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড চালু এবং কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচির কথা তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সাংবাদিকরা স্বৈরাচার বিরোধী সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাংবাদিক নেতা গণেশ দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন