চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

আবু রায়হান, রংপুর ব্যুরো: চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যায় নগরীর রায়য়ানস হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মোঃ ইয়াসিন আলী বাদীর কাছ থেকে ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে ১৫ লাখ টাকা গ্রহণ করেছিলেন। ওই অর্থ পরিশোধের জন্য তিনি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখার একটি চেক প্রদান করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৮ নভেম্বর চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে পর্যাপ্ত অর্থের অভাবে সেটি ডিজঅনার হয়। এরপর আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন।

কুড়িগ্রামের যুগ্ম দায়রা জজ, ১ম আদালতে বিচারাধীন এই মামলায় (দায়রা মামলা নং-৩৮৪/২০২৪) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ নাজমুল হক।

আদালতে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াসিন আলীকে 'দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১'-এর ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। রায়ে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লিখিত ১৫ লাখ টাকা সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার সময় আসামি ইয়াসিন আলী আদালতে অনুপস্থিত ও পলাতক ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. আজাদ রহমান বলেন, “কুড়িগ্রামের একটি চেক ডিজঅনার মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশনা ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন