ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২৩

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আদালতের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানারে রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় আকস্মিক ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে ধানমন্ডির বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জিসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ এবং সোবহানবাগ মসজিদ এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ওইসব মসজিদ ও সংলগ্ন রাস্তা থেকে ব্যানারসহ বড় ধরনের ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।

ঠিক সেই মুহূর্তেই পুলিশ চারদিক থেকে অভিযান চালিয়ে একটি উপজেলা যুবলীগের সভাপতিসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ২৩ জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা বড় ধরনের নাশকতামূলক ঝটিকা মিছিলের পাশাপাশি আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তথাকথিত রাজনৈতিক শপথ নেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন।

বর্তমানে নিষিদ্ধ এই সংগঠনের যেকোনো ধরনের অপ্রীতিকর অপতৎপরতা ও সহিংসতা ঠেকাতে ধানমন্ডি ও এর আশপাশের পুরো এলাকায় পুলিশের বিশেষ টহল এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন