ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

সকালবেলা অনলাইন: যশোরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. হুমায়ুন কবীরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত মো. হুমায়ুন কবীর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোড়াই ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

ইমিগ্রেশন কর্মকর্তা সাইফুর রহমান জানান, দুপুরে ভারতে প্রবেশের উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিলে ইমিগ্রেশনের অভ্যন্তরীণ ‘স্টপলিস্ট’ বা ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় হুমায়ুন কবীরের নাম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মির্জাপুর থানায় রাজনৈতিক মামলা থাকার বিষয়টি সুনিশ্চিত হয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে টাঙ্গাইলের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন