পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

বিশেষ সংবাদদাতা: আগামী ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’। একই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ের গদ্য অংশে স্থান পাওয়া এ প্রবন্ধে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রাম থেকে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সূচনার চাক্ষুষ বর্ণনা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ও সম্মুখসমরের আত্মত্যাগের আলেখ্য তুলে ধরা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা জানান, মহান মুক্তিযুদ্ধে যাঁর যতটুকু অবদান, তা নিরপেক্ষ ও নির্মোহভাবে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কারিকুলাম সংশ্লিষ্টরা জানান, গদ্যটির লেখক পরিচিতিতে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, জেড ফোর্সের অধিনায়ক, ১ নম্বর সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদের ঐতিহাসিক ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ শামীম আহমেদ জানান, এ নিবন্ধ অন্তর্ভুক্তির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস ও সত্য ঘটনা জানার সুযোগ পাবে, যা একপাক্ষিক ইতিহাস চর্চার মানসিকতা দূর করতে সাহায্য করবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন