আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরও আমরা অভাব-অনটন থেকে বের হতে পারছি না; এর মূল কারণ ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “আমাদের জীবন থেকে ১৭টি বছর কেড়ে নেওয়া হয়েছে। এতদিনের জমে থাকা জঞ্জাল মাত্র ১৭ দিন কিংবা ৭ মাসে দূর করা সম্ভব নয়।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, “বিগত ১৭ বছরে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তরুণদের চাকরির বয়স শেষ হয়েছে এবং দেশকে সেবা দেওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এ অন্যায়ের প্রতিবাদেই সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্ম কোটা ও মেধার অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলেছিল।”

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন